
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা বিলে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার, ২৫ এপ্রিল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত আলী। এতে মহিনন্দ ইউনিয়নের শতাধিক কৃষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় কৃষকরা দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। কৃষক আব্দুল আউয়াল বলেন, খালের জলাবদ্ধতার কারণে তার প্রায় ২শ’ শতাংশ জমির ধান নষ্ট হয়ে গেছে। খালটি খনন করা হলে বছরে অন্তত দুইটি ফসল উৎপাদন সম্ভব হবে, যা কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
আরেকজন কৃষক জানান, শহরের ময়লা পানি জমিতে আটকে থাকায় দীর্ঘদিন ধরে চাষাবাদ ব্যাহত হচ্ছে। খালটি খনন হলে পানি দ্রুত নদীতে প্রবাহিত হবে এবং কৃষিকাজ স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, কৃষকদের দুর্ভোগ লাঘব এবং জলাবদ্ধতা নিরসনে এই খাল খনন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ জানান, প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এই খাল খননের জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু মহিনন্দ ইউনিয়ন নয়, আশপাশের এলাকাবাসীও ব্যাপকভাবে উপকৃত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল্লাহ কায়সারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল ভাস্করখিলা বিলের জলাবদ্ধতার কারণে ফসলহানির প্রতিবাদে স্থানীয় কৃষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারই ধারাবাহিকতায় এই খাল খনন কার্যক্রম শুরু হলো। সংশ্লিষ্টরা আশা করছেন, খালটি খনন সম্পন্ন হলে বিলের পানি দ্রুত নিষ্কাশন হবে এবং হাজারো কৃষকের ফসল রক্ষা পাবে।
Leave a Reply