
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার, ৬ মার্চ ভোরে চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড়ে এ ঘটনা ঘটেছে বলে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানিয়েছেন।
নিহত রমিজ উদ্দিন( ৪০) পাকুন্দিয়ার চর আলগী গ্রামের হজরত আলী মুন্সির ছেলে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চরফরাদী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম বলেন, “রজিম উদ্দিনকে গরুসহ পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড় এলাকায় দেখতে পান নদীর তীর বাঁধাইয়ের ব্লক তৈরির শ্রমিকরা। পরে তাকে গরু চোর সন্দেহে আটক করেন তারা।”
“পরে খবর পেয়ে স্থানীয় কিছু লোকজন সেখানে জমায়েত হয়। এক পর্যায়ে রমিজকে মারধর শুরু করলে ঘটনাস্থলেই রমিজ মারা যান। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।”
ওসি আরিফুর বলেন, “গরুটি থানা হেফাজতে রাখা হয়েছে। এখনও পর্যন্ত এর মালিকের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply