
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ একজন চিহ্নিত অপরাধীকে আটক করা হয়েছে।
শনিবার, ২৪ জানুয়ারি রাত দেড়টার দিকে , সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে করিমগঞ্জ উপজেলার দেহুন্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক ফারুক হোসেন (২৭) কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সেরুয়া কান্দা গ্রামের মৃত রাশিদ হোসেনের ছেলে।
অভিযানকালে তাঁর কাছ থেকে দুটি পাইপগান, দুটি গুলি, ২১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে—দুটি রামদা, তিনটি কিরিচ, নয়টি ছুরি, একটি সুইচ গিয়ার চাকু, একটি চাইনিজ চাপাতি, দুটি দেশিয় চাপাতি ও একটি হকস্টিক। এ ছাড়া দুটি পাসপোর্ট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পরে আটক ব্যক্তিকে উদ্ধার করা আলামতসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
Leave a Reply