
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মৌলভীবাজার এলাকায় দত্তক আনা দুইটি গর্ভবতী গাভীসহ তিনটি গরুকে বিষ মিশ্রিত পানি পান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যার দিকে মৌলভীবাজারের বাসিন্দা আবু মিয়ার (৫৮)নিজ বাড়িতে।
স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায়, প্রায় দুই বছর আগে পূর্ব অষ্টগ্রামের পুকুরপাড় গ্রামের বাসিন্দা মোছা. জেরিনা আক্তারের (২৫) কাছ থেকে দত্তক হিসেবে গরুগুলো নিয়ে এসে আবু মিয়া ও তার স্ত্রী বিলাসী বেগম লালন-পালন করে আসছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় গরুগুলোকে পানি পান করানোর পর হঠাৎ একটি গরু কাতরাতে কাতরাতে মারা যায়। কিছুক্ষণ পর বাকি দুইটি গরুও ছটফট করতে করতে মৃত্যুবরণ করে। খবর পেয়ে স্থানীয় পল্লী পশু চিকিৎসক ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা ও আলামত দেখে প্রাথমিকভাবে বিষ পান করানোর বিষয়টি মৌখিকভাবে নিশ্চিত করেন।
গরুগুলোর প্রকৃত মালিক মোছাঃ জেরিনা আক্তার (স্বামী : মামুন মিয়া) ঘটনার বিষয়ে বলেন, “কয়েকদিন আগে আমি গরুগুলো নিয়ে যাওয়ার কথা বলেছিলাম এবং বিক্রি করে দেয়ার বিষয়টিও জানিয়েছিলাম। তখন আবু মিয়া নিজেই গরুগুলো কিনে রাখবে বলে আমাকে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু গরুগুলোর মৃত্যু হলেও তাদের মধ্যে কোনো শোক বা সহানুভূতি লক্ষ্য করা যায়নি। তাই আমি মনে করছি এটি একটি চক্রান্ত হতে পারে।
তিনি আরও জানান, এ বিষয়ে আমি অষ্টগ্রাম থানায় একটি অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছি। আমার সন্দেহের তালিকায় রয়েছেন—আবু মিয়া (৫৮), পিতা: মৃত আঃ গফুর মিয়া; শরিফ মিয়া (৩৫), পিতা: আমির আলী; রফিক মিয়া (৩০), পিতা: আবু মিয়া; বিলাসী বেগম (৫০), স্বামী: আবু মিয়া; ছকিনা আক্তার (২৪), স্বামী: রফিক মিয়া—এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪/৫ জন।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার এসআই মোজাম্মেল হক বলেন, “থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Leave a Reply