
কিশোরগঞ্জের অষ্টগ্রামে সরকারি রোটারী কলেজের অধ্যক্ষ মো. মোজতাবা আরিফ খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা, কুরুচিপূর্ণ ও অশালীন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার,৩০ নভেম্বর দুপুরে কলেজ প্রাঙ্গণের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সরকারি রোটারী কলেজ, অষ্টগ্রাম-এর ছাত্র–ছাত্রীরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে অধ্যক্ষ মোজতাবা আরিফ খানের সুনাম, সততা ও নিষ্ঠার ওপর আঘাত হানতে একটি সংগঠিত মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। শিক্ষার্থীরা এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
তারা আরও বলেন, একজন প্রতিষ্ঠিত শিক্ষক ও অভিভাবক তুল্য ব্যক্তিত্বকে নিয়ে অসত্য তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করার সামিল। তাই তারা এই অপপ্রচার বন্ধে প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করেন।
Leave a Reply