1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে ভেজাল সয়াবিন তেল: দুইজনের ৭ দিনের কারাদণ্ড

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভেজাল ও নিম্নমানের সয়াবিন তেল বাজারজাতের অভিযোগে দুই ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা ৬৬০ বোতল সয়াবিন তেল জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা তেলের আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা।

বৃহস্পতিবার, ২০ অগাস্ট বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেয়া হয়। অভিযানে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ময়মনসিংহ নগরের মহজমপুর এলাকার বাসিন্দা ও একটি কোম্পানির ডেলিভারিম্যান হানিফ মিয়া (৬০) এবং ময়মনসিংহ সদর উপজেলার চরনিলক্ষিয়া উজানপাড়া এলাকার অটো চালক জুনাইদ আলী (৪০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২৭টি কার্টনে ৪৫০ গ্রাম ওজনের মোট ৬৬০টি সয়াবিন তেলের বোতল রাখা ছিল। এসব তেল ঈশ্বরগঞ্জ, নান্দাইল, গৌরীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নেয়া হচ্ছিল। অভিযান চালিয়ে তেলগুলো জব্দ করার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই শেষে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে সেগুলো ধ্বংস করা হয়।

জব্দ করা বোতলগুলোর গায়ে ‘BOSS Number-1 Fortified Soyabean Oil’ লেখা ছিল। বোতলের লেবেলে প্রস্তুতকারক হিসেবে ‘Arikh Consumer Products Ltd.’, স্বদেশ টাওয়ার, ১ম তলা, নোটারি, গাজীপুর, বাংলাদেশ এমন তথ্য উল্লেখ ছিল।

ভ্রাম্যমাণ আদালতের কাছে দণ্ডপ্রাপ্তদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী, ময়মনসিংহ সদর উপজেলার মেইলঘাট ও চায়না মোড় এলাকার নাজমা খাতুন নামের এক নারী ওই কোম্পানির ডিলার বলে জানা গেছে। তার মাধ্যমে ঈশ্বরগঞ্জসহ আশপাশের এলাকায় এসব তেল সরবরাহ ও বাজারজাত করা হচ্ছিল বলে আদালত সূত্রে জানানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার পাশাপাশি জব্দ করা তেল ধ্বংস করে।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, ভেজাল বা অননুমোদিত খাদ্যপণ্য বাজারজাত করে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরির কোনো সুযোগ নেই। এ ধরনের পণ্য যাতে বাজারে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দুইজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো পণ্য পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং