1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে চায়ের দোকানে ৬৫ বছরের বৃদ্ধের ওপর কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগ

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার মোড়ে একটি চায়ের দোকানে ৬৫ বছরের এক বৃদ্ধকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে।

মঙ্গলবার,  ১৮ অগাস্ট সন্ধ্যার পর শহরের আখড়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. মুতালিব আখড়া বাজার পিটিআই গলির বাসিন্দা। তিনি বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি। বর্তমানে তিনি কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মুতালিবের ভাষ্য, ঘটনার সময় তিনি আখড়া বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় একই এলাকার অনিক নামের এক কিশোর ওই দোকানে প্রবেশ করে কর্মচারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে মুতালিব দুজনকে নিবৃত্ত করার চেষ্টা করেন। তখন অনিকসহ আরও চার-পাঁচজন তাঁর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

হামলায় তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। বিশেষ করে ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। চিকিৎসকরা ওই ক্ষতস্থানে চারটি সেলাই দিয়েছেন বলে জানান মুতালিব। পরে তাঁকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মুতালিব অভিযোগ করে বলেন, অনিক ছাড়াও রাতুল, রাহুল, মুন ও সুজনসহ কয়েকজনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদক সেবন ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে আমিসহ এলাকার মুরব্বিরা একাধিকবার সালিস-বৈঠক করেছি। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব সহ স্থানীয় আরও  অনেকেই শালিস বৈঠকে উপস্থিত ছিলেন ।

মুতালিবের অভিযোগ, আগের ঘটনাগুলোর জেরেই তাঁর ওপর এ হামলা হয়ে থাকতে পারে। তিনি বলেন, হামলার পর তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে জানান মুতালিব। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলেও তিনি জানান।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্ত শেষে হামলার প্রকৃত কারণ ও ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং