
কিশোরগঞ্জের অষ্টগ্রামে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতে ‘বৃক্ষ ও বই’ কর্মসূচির আওতায় বই বিতরণ করা হয়েছে।
সোমবার, ৮ জুন দুপুর ১২টায় অষ্টগ্রাম থানার উদ্যোগে এবং কিশোরগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় উপজেলার আব্দুল ওয়াদুদ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়।
জানা যায়, প্রতিটি শিক্ষার্থী পূর্বে পাঁচটি করে গাছ রোপণ করেছিল। তাদের এই পরিবেশবান্ধব উদ্যোগের স্বীকৃতি ও উৎসাহ হিসেবে প্রত্যেককে দুটি করে বই উপহার দেয়া হয়।
বইগুলো কিশোরগঞ্জের পুলিশ সুপার কর্তৃক রচিত এবং তাঁর ব্যক্তিগত উপহার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান জানান, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘বৃক্ষ ও বই’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply