
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌরকর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন করা হয়েছে।
রবিবার,৩ মে সকাল সাড়ে ১০টার দিকে কুলিয়ারচর বাজারস্থ বীরপ্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে এ পৌর কর মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও কুলিয়ারচর পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার।
এসময় পৌরকর আদায়ে সপ্তাহব্যাপী মেলার আহ্বায়ক দায়িত্বপ্রাপ্ত পৌর কাউন্সিলর উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, পৌর বিএনপির ১নং সদস্য মো. সাইয়ুম সিদ্দিকী, দায়িত্বপ্রাপ্ত পৌর কাউন্সিলর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, দায়িত্বপ্রাপ্ত পৌর কাউন্সিলর কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক, আজহার উদ্দিন লিটন, পৌরসভার কর নির্ধারক নারায়ণ চন্দ্র ঘোষসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ।
এসময় প্রধান অতিথি পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার বলেন, পৌর সভার বৃহৎ একটি অর্থের অংশ আসে পৌর করদাতাদের মাধ্যমে। পৌরসভার উন্নয়নমূলক কাজ সচল রাখা এবং নাগরিক সেবা আরও বেগবান করার লক্ষ্যে বকেয়া কর আদায় করা জরুরি। নাগরিকদের ওপর বাড়তি চাপ না দিয়ে উৎসবমুখর পরিবেশে কর পরিশোধের সুযোগ করে দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে। ৩ মে থেকে আগামী ৯ মে পর্যন্ত সপ্তাহব্যাপী এ মেলা চলমান থাকবে। এ মেলায় সরকারি অফিস টাইম অনুযায়ী আকর্ষণীয় ১৫% ছাড়ে বকেয়া পৌর কর আদায় কার্যক্রম চলবে।
পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে কুলিয়ারচর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে ২০২৪-২০২৫ অর্থ বছর পর্যন্ত ৮ হাজার ১৪২ টি হোল্ডিং-এ মোট ১ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার ৩৬২ টাকা বকেয়া কর এখনো আদায় হয়নি। অপর দিকে চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরেও ৬৭ লাখ ৯৯ হাজার ৯৯৫ টাকা কর ধার্য্য করা হয়। চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরসহ এ পর্যন্ত অনাদায়ী মোট কর আছে ২ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৩১৭ টাকা।
Leave a Reply