
ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ধানক্ষেতে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার, ২২এপ্রিল সকাল সোয়া দশটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মেরেঙ্গা বাজার সংলগ্ন কাউয়ারগাতী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্টো-ব ১৪-৪৬১৬ নম্বরধারী ‘এমকে সুপার’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে কাউয়ারগাতী এলাকায় বিপরীত দিক থেকে আসা নান্দাইল চৌরাস্তাগামী একটি বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি মহাসড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দিয়ে পাশের ধানক্ষেতে উল্টে পড়ে যায়।
এ দুর্ঘটনায় বাসের সামনের অংশ ও বৈদ্যুতিক খুঁটিটি দুমড়ে মুচড়ে যায়। এতে বাসের চালক বাদশাহ মিয়া (৩৫), কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ি আমতলা গ্রামের তাহের আরীর ছেলে আবুল কালাম (৪৫), কেন্দুয়ার তারা মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫) এবং কিশোরগঞ্জ গাইটাল এলাকার মৃত আব্দুল কদ্দুসের ছেলে সুমন মিয়াসহ আরও ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বাস চালক বাদশাহ মিয়ার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মূলত সিএনজিচালিত অটোরিকশাটির বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই অটোরিকশা চালক তার গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জীবন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চারজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে একজন ময়মনসিংহ জেলা সদর এবং তিনজন কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply