1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

কিশোরগঞ্জে যুবদল নেতাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী নিহত

সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সুমন (৪১) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় এক যুবদল নেতা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার, ১৭ মার্চ দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া পশ্চিমপাড়া এলাকার রহিম বাদশার ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজারে সবজির ব্যবসা করতেন। আহত দুলাল মিয়া (৫০) একই এলাকার বাসিন্দা ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০-১২ দিন আগে জমি নিয়ে সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী দুলাল মিয়ার কথা কাটাকাটি হয়। এরই জেরে মঙ্গলবার দুপুরে সিরাজুলের ছেলে রুবেল মিয়া (৩২) দেশীয় অস্ত্র নিয়ে দুলাল মিয়ার ওপর হামলা চালায়। এসময় ব্যবসায়ী সুমন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুলাল মিয়াকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারী রুবেল ক্ষিপ্ত হয়ে তার বুকে ছুরিকাঘাত করে। এতে সুমন ও দুলাল মিয়া গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত দুলাল মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত রুবেল মিয়াকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং