1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

কিশোরগঞ্জে প্রভাষকের স্ত্রীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদে স্বামী

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ শহরের আলোরমেলা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।

সোমবার, ২ মার্চ গভীর রাতে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ওই গৃহবধূর নাম উম্মে সিজ্জিল ইফতি (২২)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিচমতকচুরি গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ জানিয়েছে, ইফতি স্বামীর সঙ্গে কিশোরগঞ্জ শহরের আলোরমেলায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর স্বামী মুমতাজ মুকুল নান্দাইল উপজেলার মুশুল্লি কলেজের প্রভাষক। তিনি মুশুল্লি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতিও। মুকুলের দুই স্ত্রী। বড় স্ত্রী তাদের তিন সন্তান নিয়ে শহরের গাইটাল এলাকায় জনতা রোডের একটি ভাড়া বাসায় বসবাস করেন। তিনি নান্দাইল উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয়রা জানান, ছোট স্ত্রী ইফতির সঙ্গেই প্রভাষক মুকুল বেশি থাকতেন। তবে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রবিবার রাতে স্থানীয়রা তাদের ঝগড়া শুনেছেন। গভীর রাতে প্রতিবেশীরা জানালায় দড়িতে ঝুলতে দেখেন ইফতিকে। তখন পুলিশে খবর দেওয়া হলে পুলিশ দরজা ভেঙে বাসা থেকে ইফতির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় তাঁর স্বামী বাসায় ছিলেন না।

সোমবার, ২ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য ইফতির স্বামী মুকুলকে পুলিশ তাদের জিম্মায় নিয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণে ইফতি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তারা সব বিষয় মাথায় রেখে ঘটনাটির তদন্ত শুরু করেছেন। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এখনো এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর ইফতির স্বামী প্রভাষক মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের জিম্মায় নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং