
স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) কিশোরগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর দুপুরে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যেগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এর কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি কামরুল হাসান, সহ- সভাপতি মো. আশোক মিয়া, সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল মিয়া, আবুল বাশার, কামরুন্নাহার, মো. আব্দুল মতিন, জাহাঙ্গীর আলম, মঞ্জু শ্রী সরকার, রেহেনা আক্তার, দীপন কুমার দত্তসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তরা বলেন, ৪৮ বছরের ঐতিহ্য, সেবা ও অগ্রগতির প্রতীক এই অধিদপ্তরকে বিলুপ্ত করার যে প্রচেষ্টা চলছে তা নার্সিং পেশার স্বকীয়তা ও উন্নয়নের পরিপন্থী। তারা উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের নার্সিং প্রশাসন জনস্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
নার্সিং ও মিডওয়াইফারি পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ২০১৬ সালে অধিদপ্তর গঠনের পর এখনো নিয়োগবিধি, অর্গানোগ্রাম, ক্যারিয়ার পাথ ও জাতীয় নার্সিং কমিশন গঠন বাস্তবায়িত হয়নি। ফলে দীর্ঘদিন ধরে নার্সদের পদোন্নতি, বেতন-বৈষম্য নিরসন ও গবেষণায় অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে।
বক্তারা আরও বলেন, সরকারের উচিত হবে নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে যুগোপযোগী ও জনবান্ধবভাবে গড়ে তুলতে দ্রুত পদক্ষেপ নেওয়া। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে, স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর রক্ষা ও জাতীয় নার্সিং কমিশন গঠন। যুগোপযোগী নিয়োগবিধি ও অর্গানোগ্রাম অনুমোদন। বেতন বৈষম্য নিরসন ও ইনক্রিমেন্ট প্রদান। নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং অপ্রশিক্ষিত ভুয়া নার্স নির্মূল।
এসময় বক্তারা এ জনস্বার্থবিরোধী অপচেষ্টা অব্যাহত থাকলে সারাদেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
Leave a Reply