
গ্রীষ্মের প্রচণ্ড রোদ আর ক্লান্তিকর আবহাওয়ার মধ্যেও প্রকৃতি যেন নিজস্ব উপায়ে শান্তির ছায়া এনে দেয়। ঠিক এমন সময়েই রঙিন আভায় মন ভরিয়ে দেয় কৃষ্ণচূড়ার লাল ফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ প্রকৃতির বুক জুড়ে আগুনরাঙা ফুলের এক অভাবনীয় দৃশ্য।
বিশ্বের অন্যতম সুন্দর গ্রীষ্মকালীন বৃক্ষ হিসেবে পরিচিত কৃষ্ণচূড়া তার উজ্জ্বল লাল ফুলের জন্য বিশেষভাবে নজরকাড়া। এই গাছ শুধু গ্রীষ্মের তীব্রতা কমায় না, বরং তার সৌন্দর্যে এনে দেয় এক অনন্য প্রশান্তি।
সোমবার, ২৬ মে দুপুরে সরেজমিনে জেলা শহরের আখড়াবাজার ব্রিজসংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে দেখা যায়, কৃষ্ণচূড়ার ডালে ডালে লাল ফুল ঝুলছে। পাতার ফাঁকে ফুটে থাকা সেই ফুল পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে বারবার। প্রকৃতির এই সাজ যেন সবুজ বাংলাকে করে তুলেছে আরও মনোমুগ্ধকর।
প্রতিদিনের যাত্রায় ক্লান্ত পথচারীদের জন্য কৃষ্ণচূড়া হয়ে উঠেছে প্রশান্তির এক ঠিকানা। স্থানীয় প্রকৃতিপ্রেমী ও সাধারণ মানুষের মুখেও ফুটে উঠেছে সেই মুগ্ধতার ভাষ্য।
পথচারী নীরব বলেন, “চারদিকে তীব্র গরম পড়ছে, কিন্তু এর মধ্যেও কৃষ্ণচূড়ার ফুল এক আলাদা প্রশান্তি দেয়। দূর থেকে সবুজের মাঝে লাল রঙ নজরে পড়ে, আর কাছে গেলে রঙের ছটায় মন ভরে যায়।”
গাছতলায় বন্ধুদের সঙ্গে সময় কাটানো নাজমুল বলেন, “সৈয়দ নজরুল চত্বর আর গুরুদয়াল সরকারি কলেজের সামনে যে কৃষ্ণচূড়া গাছগুলো আছে, সেগুলো দেখলেই তাকিয়ে থাকি। ফুলের রঙ আর ছায়া—সব মিলিয়ে দারুণ এক অনুভূতি দেয়।”
প্রকৃতিপ্রেমী তোফায়েল হোসেন বলেন, “গরমের প্রচণ্ডতায়ও কৃষ্ণচূড়ার ফুল প্রকৃতির সৌন্দর্যকে নতুনভাবে প্রকাশ করে। শুধু ছায়া নয়, গাছ আমাদের অক্সিজেনও দেয়। তাই রাস্তার পাশে আরও বেশি করে গাছ লাগানো দরকার। এতে যেমন প্রকৃতি ঠাণ্ডা থাকবে, তেমনি রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য।”
জেলা শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানেও চোখে পড়ে কৃষ্ণচূড়ার মনকাড়া উপস্থিতি। যানবাহনের যাত্রী হোক কিংবা হেঁটে চলা পথচারী—সবাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন এই সৌন্দর্যের দিকে। কৃষ্ণচূড়ার ফুল শুধু গ্রীষ্মের দাবদাহ ভুলিয়ে দেয় না, বরং প্রকৃতিকে সাজায় এক অপরূপ রঙে।
Leave a Reply