
হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক স্যার ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে র্যালি, আলোচনা সভা ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২৫ এপ্রিল নান্দাইল উপজেলা সদরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। হোমিও ডক্টরস এসোসিয়েশন (হোডা) নান্দাইল উপজেলা শাখার আয়োজনে এবং ‘ক্যাশ’ বাংলাদেশ ও হোডা ময়মনসিংহ জেলা শাখার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই নান্দাইল উপজেলা পরিষদ হল রুমের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হল রুমে এসে মিলিত হয়। র্যারির পরে ফ্রি হোমিও চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা করা হয়, যেখানে এলাকার বিপুল সংখ্যক রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
পরে হোডা নান্দাইল উপজেলা শাখার সভাপতি ডা. আমিনুল হক ভুইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শাহজাহান শাজুর সঞ্চালনায় হোমিওপ্যাথির গুরুত্ব ও ডা. হ্যানিম্যানের অবদান তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন হোডা ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুজ্জামান খান রুমেল, হোডা নান্দাইল শাখার প্রধান উপদেষ্টা ডা. আলাউদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা ডা. আব্দুর রহিম আকন্দ, হোডা নান্দাইল শাখার সাবেক সভাপতি ডা. জামাল আহমেদ খান, সাবেক সাধারণ সম্পাদক ডা. ভানু কুমার সেন, হোডা নান্দাইল শাখার সহ-সভাপতি ডা. মাহবুবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক ডা. নুরুল হক বিএসসি, সিনিয়র সাংগঠনিক সম্পাদক ডা. আজহারুল ইসলাম হেলাল, প্রচার প্রকাশনা সম্পাদক ডা. শাহজাহান ফকির, ডীপলেড হোমিও ল্যাবরেটরীজ লি.-এর এরিয়া ম্যানেজার ডা. মোহাম্মদ তাজ উদ্দিন শরীফ ও নিউ লাইফ কোং লি.-এর আরএসএম ফজলুল করিম, ডা. আসাদুজ্জামান ভুইয়া প্রমুখ।
বক্তারা বলেন, আধুনিক পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা হিসেবে হোমিওপ্যাথি আজ সারাবিশ্বে স্বীকৃত। তৃণমূল পর্যায়ে এই চিকিৎসা সেবাকে আরও জনপ্রিয় ও উন্নত করতে চিকিৎসকদের নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়।
এসময় হোডা নান্দাইল শাখার সদস্যবৃন্দসহ স্থানীয় হোমিও চিকিৎসক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply