
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পাছার উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেছেন, চেয়ার টেবিল নয়, শিক্ষার মান বাড়ান। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের ফলাফল ভালো করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানান।
শনিবার, ২৫ এপ্রিল দুপুরে গৌরীপুর উপজেলার পাছার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, সুন্দর চেয়ার-টেবিল দেখতে আমি আগ্রহীও না, উৎসাহীও না—আমি চাই ছাত্রদের রেজাল্ট ভালো হোক। তিনি বলেন, সরকার শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করছে, নতুন নতুন ভবন নির্মাণসহ নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে, কিন্তু এর প্রকৃত সুফল তখনই আসবে যখন শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করবে।
তিনি আরও বলেন, আমরা বিল্ডিং বানিয়ে দিচ্ছি, আপনারাও আমাদেরকে ভালো ফলাফল ফেরত দেন। ছাত্রদের ভালো করে পড়ান, তাহলে তারা ফেল করবে না। একজন বাবা-মায়ের দায়িত্ব সন্তানকে স্কুলে পাঠানো, আর তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের।
শিক্ষকদের প্রতি কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, আপনারা যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, তাহলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে। আপনারাও ফেল কইরেন না, আমাদেরকেও ফেল করায়েন না। তিনি গৌরীপুরে শিক্ষার মান জাতীয় গড়ের চেয়েও উন্নত করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে যে গড় ফলাফল হয়, তার চেয়ে গৌরীপুরকে এগিয়ে থাকতে হবে। এটাই আমার দাবি।
আগামী বছরের ফলাফলকে গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমি আগামী বছর এই এলাকার রেজাল্ট দেখব। যদি কাঙ্ক্ষিত উন্নতি না হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে, ছাত্রদের বুঝিয়ে-শুনিয়ে পড়াতে হবে।
তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, সেই অবকাঠামোকে কাজে লাগিয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উপজেলা বিএনপির সদস্য আবুল খায়ের ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply