1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

কুলিয়ারচরে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৬ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. হবি মিয়াকে (৪৫) গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর সকালে আইনি প্রক্রিয়া ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী কিশোরীকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর বিকেলে ওই কিশোরী তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে নিজের বোনের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে মো. হবি মিয়া তাদের জোরপূর্বক নিজের বাড়ির রান্নাঘরে নিয়ে যান। এ সময় ছোট ভাইটি কান্নাকাটি শুরু করলে সেই শব্দ শুনে তাদের খালা দ্রুত বাড়ির উঠানে ছুটে আসেন। খালার উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত হবি মিয়া দ্রুত পালিয়ে যান।

পরবর্তীতে কিশোরীর খালা তার কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে সে জানায়, রাস্তা থেকে জোর করে ধরে নিয়ে তাকে রান্নাঘরে আটকে ধর্ষণ করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার পর প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন তারা। পরবর্তীতে গত ৩১ অক্টোবর কিশোরীকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে টানা পাঁচ দিন ভর্তি রেখে তাকে চিকিৎসা দেয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় গত সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ভুক্তভোগী কিশোরীর বাবা কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী)  করে। এরপর এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং