1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের মারধরে মিনারা বেগম (৬৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ভোর পাঁচটার দিকে উপজেলার পৌর শহরের কাকনহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনারা বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রয়াত শিহাব উদ্দিনের স্ত্রী।

এ ঘটনায় ছেলে কামরুল (৪০) ও তার স্ত্রী নিলুফা বেগমের (৩৫) বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুজনই পলাতক রয়েছেন।

নিহতের মেয়ে শাহানারা বেগম চায়না জানান, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে কামরুল ও তার স্ত্রী প্রায়ই তার মাকে মারধর করতেন। সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা তার মাকে মারধর করেন। পরে তাকে ও তার মাকে একটি ঘরে আটকে রাখা হয়।

তিনি আরও জানান, মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তিনি তার মামা আলামিনকে খবর দেন। খবর পেয়ে আলামিন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

স্বজনদের সূত্রে জানা যায়, অসুস্থ মিনারা বেগমকে সোমবার রাত ১২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে পুনরায় হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা চলমান। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং