
সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদের অপতৎপরতার প্রতিবাদ এবং সমাজ থেকে মাদক নির্মূলের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২২ জুন উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার ও যুগ্ম আহ্বায়ক রনি রহমানের নেতৃত্বে পৌরসভার দত্তপাড়া বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ফ্যাসিবাদবিরোধী এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হারুন অর রশিদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রিজন আহমেদ, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সৌরভ আহমেদ, সদস্য সচিব রিদোয়ান আহমেদসহ উপজেলা, পৌর, কলেজ ও বিভিন্ন ইউনিয়ন শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্টে যারা এখনো বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দাবি করেন, অতীতে সংঘটিত অনিয়ম ও দমন পীড়নের রাজনীতির পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক বর্তমানে তরুণ সমাজের জন্য অন্যতম বড় হুমকি। মাদকাসক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
এ সময় নেতৃবৃন্দ সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও সব ধরনের অবৈধ কর্মকাণ্ড নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply