1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ, প্রাণনাশের আশঙ্কায় থানায় লিখিত অভিযোগ

অষ্টগ্রাম( কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর (বালুরচর) এলাকায় দলিলভুক্ত ও নামজারিকৃত জমি দখল করে ঘর নির্মাণ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী লিজা আক্তার অষ্টগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আদমপুর (বালুরচর) গ্রামের বাসিন্দা লিজা আক্তার ২০২৪ সালের ১৪ অক্টোবর নিবন্ধিত দলিলের মাধ্যমে সংশ্লিষ্ট জমির মালিকানা অর্জন করেন। পরবর্তীতে তিনি জমিটির নামজারি (মিউটেশন) সম্পন্ন করেন এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে জমিতে ভোগদখল ও কাজ করতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিভিন্নভাবে বাধা প্রদান করে আসছিলেন।

সর্বশেষ গত ১২ জুন সকাল প্রায় ৯টার দিকে অভিযুক্তরা দলিলভুক্ত জমিতে জোরপূর্বক একটি টিনশেড ঘর নির্মাণের কাজ শুরু করেন। এতে বাধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও সমাধানের উদ্যোগ নেয়া হলেও অভিযুক্তরা তা মানতে রাজি হননি। ফলে জমি নিয়ে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

অভিযোগে আরও বলা হয়, জমির মালিকানা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অষ্টগ্রাম থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে অভিযোগকারীর উপস্থাপিত দলিল, নামজারি ও অন্যান্য কাগজপত্র যাচাই করে সেগুলো সঠিক বলে প্রতীয়মান হয়েছে। আমরা দখলকারীদের জমির দখল ছেড়ে দেওয়ার জন্য বলেছি। তবে তারা এখনো বিষয়টি মেনে নিতে রাজি নন।”

তিনি আরও বলেন, “দখলকারীরা স্বেচ্ছায় জমির দখল না ছাড়লে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।”

অভিযুক্তদের বক্তব্য জানার জন্য বিডিচ্যানেল ফোর এর প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে সরেজমিনে গিয়ে কোনো অভিযুক্তকে বাড়িতে পাওয়া যায়নি। এছাড়া তাদের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ না করায় এ বিষয়ে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। পরবর্তীতে তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

এদিকে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে জমির দখল পুনরুদ্ধার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং