
কিশোরগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার, ৩০ মে বেলা ১১টায় জেলা শহরের ঐতিহাসিক রথখলা মাঠে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, জেলা পরিষদ ও কিশোরগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস, আবর্জনা অপসারণ, নালানর্দমা পরিষ্কার এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
আয়োজকরা জানান, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের বিস্তার রোধে এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে এ কর্মসূচিতে সম্পৃক্ত করারও উদ্যোগ নেয়া হয়েছে।
Leave a Reply