
কিশোরগঞ্জের হাওরদস্যু বলে পরিচিত মো. হযরত আলীকে গ্রেফতার করেছে ইটনা থানা পুলিশ।
বৃহস্পতিবার, ১২ নভেম্বর বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্ততিকালে ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের কাকটেংগু গ্রামের হান্নান চেয়ারম্যানের বাড়িসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে ইটনা থানা পুলিশ।
গ্রেফতার হযরত আলী মিঠামইন উপজেলার ঢাকি নয়াহাটি গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ডাকাত হযরত আলী ইটনা থানার কাকটেংগু এলাকায় অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের প্রস্তুতি শুরু করে পুলিশ। বুধবার রাত থেকেই তার অবস্থান শনাক্ত করতে পুলিশের একাধিক দল তৎপরতা চালায়। পরে বৃহস্পতিবার এলংজুরী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালানো হয়। একপর্যায়ে একটি পরিত্যক্ত ভবনের নিচে কাঠের স্তূপের আড়ালে লুকিয়ে থাকা অবস্থায় তাকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে দুটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ খাঁন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply