1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

নান্দাইলে বাড়ি ছাড়া হয়ে দুই সন্তান নিয়ে পথে পথে মা

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে স্বামীর পৈত্রিক জায়গা-জমি ও বসতঘর দখলে নেয়ার গুরুতর অভিযোগে পাওয়া গেছে। প্রতিপক্ষের মারধর ও হুমকির মুখে দুই অবুঝ শিশু সন্তানকে নিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে পথে পথে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী এক অসহায় মা।
উপজেলার নান্দাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের চন্ডীপাশা এলাকায় গত ৬ নভেম্বর এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা. নাদিরা আক্তার (২৭) বাদি হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন আব্দুল আওয়াল (৪০), মোছা. ফাতেমা আক্তার (২৭), মোছা. সাহিদা আক্তার (২৯), মোছা. আম্বিয়া বেগম (৫৯), মোছা. সুফিয়া খাতুন (৫২), মোছা. নাজমা আক্তার (৪৮) এবং মোছা. শাহানা আক্তার (৪০)। অভিযুক্তরা সম্পর্কে বাদির ভাগ্নে, ননদ, ননাশ ও ভাগ্নি হন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মৃত শাহজাহানের পৈত্রিক সম্পত্তি ও সেমিপাকা ঘর জবরদখল করার চেষ্টা চালিয়ে আসছিল অভিযুক্তরা। এরই জের ধরে গত ৬ নভেম্বর সকাল ৭টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে পূর্বপরিকল্পিতভাবে বাদির বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে সীমানার গাছপালা কেটে ক্ষতি সাধন করে। এ সময় বাধা দিতে গেলে বাদি নাদিরা আক্তারকে মারধর করে জোরপূর্বক তাকে বসতঘর থেকে বের করে দিয়ে ঘরটি দখল করে নেয়া হয়। বর্তমানে অভিযুক্তদের লাগাতার হুমকি ও বয়কটের মুখে দুই শিশু সন্তান তাকরীম (২.৫) ও সুয়াইরা (৫)-কে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় খোলা আকাশের নিচে পথে পথে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী মা।
অপরদিকে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে জানান, তারা কারোও ঘর দখল করেনি, তাদের ঘরে তারাই আছে।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং