
কিশোরগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব তহবিলের আওতায় তরুণ-তরুণীদের জন্য বিনামূল্যে বেসিক কম্পিউটার এবং গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার, ১২ নভেম্বর বেলা ১২টায় কিশোরগঞ্জ জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোছা. মোস্তারী কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জেবু নাহার শামীম।
প্রধান অতিথির বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল খান প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করে বলেন, “আমরা চাই আপনারা তথ্যপ্রযুক্তির এই খাতে প্রবেশ করুন এবং নিজেদের দক্ষ করে তুলুন। আজ আপনারা হয়তো কিছুটা জড়তা নিয়ে কথা বলছেন, কিন্তু তিন মাসের এই প্রশিক্ষণ শেষে আপনাদের সাফল্যের গল্পই আমরা শুনব। প্রশিক্ষণ চলাকালীনই যেন আপনারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয়ের পথ তৈরি করতে পারেন, সেজন্য প্রতিদিন আলাদাভাবে বিশেষ সেশনের ব্যবস্থা করা হবে।”
কৃতী প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ প্রদানের আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, “প্রথম ব্যাচের সেরা প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করতে জেলা পরিষদ ও পৌরসভার যৌথ উদ্যোগে ফ্রি ল্যাপটপ দেয়ার পরিকল্পনা নেয়া হচ্ছে। বর্তমানে গুরুদয়াল সরকারি কলেজ, ওয়ালী নেওয়াজ খান কলেজ, করিমগঞ্জ কলেজ ও মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে যুক্ত হয়েছেন। আগামীতে জেলার প্রতিটি উপজেলা থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, ফ্রিল্যান্সিং ও কম্পিউটার দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ সমাজ বেকারত্ব দূর করে নিজেদের পাশাপাশি দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখতে পারবে। বক্তারা প্রশিক্ষণার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
Leave a Reply