1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

হালুয়াঘাটে নির্বাচনে কারচুপির অভিযোগ: ফলাফল পুনর্গণনার দাবি প্রিন্সের

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক কারচুপি, অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন।

শনিবার, ১৪ ফেব্রুয়ারি দুপুরে হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

বক্তব্যে প্রিন্স অভিযোগ করেন, নির্বাচনের আগের দুই রাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ করেছেন। স্থানীয় জনগণ কয়েক স্থানে তাদের আটক করলেও প্রশাসনের হস্তক্ষেপে ছেড়ে দেয়া হয় বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

তিনি আরও অভিযোগ করেন, ভোট গ্রহণের দিন ধানের শীষ প্রতীকের এজেন্টদের ওপর চাপ সৃষ্টি করে ভোট গণনার আগেই জোরপূর্বক স্বাক্ষর নেয়া হয়েছে। অনেক কেন্দ্রে ধানের শীষের ব্যালট পেপার অযৌক্তিকভাবে বাতিল করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে ধানের শীষে প্রদত্ত ভোট স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণনা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এসব অনিয়মের মাধ্যমে পরিকল্পিতভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ করেন প্রিন্স।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়েও বিএনপির নেতাকর্মীদের ওপর হত্যা, হামলা, হুমকি, মারধর ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়িদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রিন্স বলেন, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তা জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন নয়। আমরা এই ফলাফল প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং