1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের পরিচালক ডা. হেলিশের বিরুদ্ধে নারী কর্মীর ধর্ষণ মামলা, গ্রেফতার দাবি

রায়হান জামান।।
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হেলিশ রঞ্জন সরকারের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে। কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে মামলাটি করেন হাসপাতালে প্যাথলজি বিভাগে আউটসোর্সিংয়ে কর্মরত এক নারী কর্মী।

রবিবার, ৩১ অগাস্ট মামলাটি দায়ের করেন ওই নারী কর্মী।

আদালতের বিচারক জেলা ও দায়রা জজ নূরুল আমিন বিপ্লব মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর করার নির্দেশ দিয়েছেন।

সোমবার,১ সেপ্টেম্বর সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হেলিশ রঞ্জনের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কিশোরগঞ্জ জেলা শাখা। পরে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন এলাকাবাসীও।

মামলা এজহারসূত্রে জানা গেছে, মামলার বাদি ও বিবাদি দুজনই বিবাহিত। বাদির স্বামী লিভার সিরোসিসে আক্রান্ত। চাকরির পাশাপাশি তিনি আইন বিষয়ে পড়াশোনা করছেন। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক বিভিন্ন সময় চাকরিচ্যুতির ভয় দেখিয়ে বাদির সাথে শারীরিক সম্পর্কের চেষ্টা করেন। তিনি বিবাহিত, পিতার বয়সী এবং অন্য ধর্মের বলেও রেহাই পাননি। অনেক অর্থবিত্তের মালিক ও প্রয়োজনে নিজ ধর্ম ত্যাগ করে হলেও তাকে বিয়ে করতে চান বলে বাদিকে আশ্বস্ত করেন। কারণে-অকারণে বিভিন্ন সময় তাকে রুমে ডেকে নিয়ে শরীরে হাত ও কুপ্রস্তাব দিতেন। রাজি না হলে চাকরিচ্যুতি এমনকি গুলি করে মেরে ফেলারও হুমকি দিতেন। মোবাইল ফোনে কুরুচিপূর্ণ মেসেজও পাঠাতেন তিনি। বিষয়টি হেলিশ রঞ্জনের স্ত্রী জানার পর তিনিও তাকে ধমকেছেন।

গত ২১ অগাস্ট স্ত্রীর সামনে বিষয়টি মীমাংসা করার কথা বলে বাদিকে হাসপাতালের কোয়ার্টারে ডেকে নেন হেলিশ রঞ্জন। কিন্তু কোয়ার্টারে গিয়ে তার স্ত্রীকে দেখতে পাননি বাদি। এই অবস্থায় কোয়ার্টারে জোরপূর্বক ধর্ষণ করেন বাদিকে। চাকরিচ্যুতির ভয় ও স্বামীর লিভার সিরোসিসের কথা চিন্তা করে মুখ খোলেননি তিনি। পরে ২৬ অগাস্ট বিকেলে বাদিকে অফিসকক্ষে ডেকে নিয়ে আবারও ধর্ষণের চেষ্টা করেন। ডাকচিৎকার শুরু করলে হাসপাতালের স্টাফ ও দর্শনার্থীরা গিয়ে তাকে উদ্ধার করেন।

এ সময় হেলিশ রঞ্জন তাকে বিবাহিত স্ত্রী বলে পরিচয় দিয়ে রক্ষা পান। বিষয়টি তিন দিনের মধ্যে সমাধান করার কথা বলে বাদিকে বিদায় করেন হেলিশ। কিন্তু পরে আপস-মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন বাদি। থানায় মামলা করতে গেলে ওসি মামলা নেননি উল্লেখ করে তিনি বলেন, বাধ্য হয়ে আদালতে মামলাটি দায়ের করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং