1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

নান্দাইল মডেল থানার ওসি’কে পুলিশ লাইন্সে সংযুক্ত, নেপথ্যে নানা অভিযোগ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।  
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬৫৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনকে নানা অভিযোগের কারণে ময়মনসিংহ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

রবিবার, ২৭ জুলাই বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

যদিও বদলির আদেশে প্রশাসনিক কারণ উল্লেখ করা হয়েছে তবু ওসি আনোয়ার হোসেনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

মোহম্মদ আনোয়ার হোসেন চলতি বছরের ২২শে মার্চ নান্দাইল মডেল থানায় ওসি হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি একবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃতও হয়েছিলেন। তবে অল্প সময়ের মধ্যেই তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির লাশ নিয়ে চালবাজির চেষ্টার অভিযোগ, যার কারণে নিহতের পিতা তার সন্তানের জানাজায় অংশ নিতে পারেননি। এছাড়াও, তার সময়ে অনুমোদনহীন ষাঁড়ের লড়াই আয়োজনের মাধ্যমে কোটি টাকার জুয়ার আসর বসানো, বিভিন্ন স্থানে জুয়া খেলা থেকে গোপনে চাঁদা আদায় এবং ডেভিল হান্টের নামে আসামি ধরে অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

এছাড়া সম্প্রতি জমিসংক্রান্ত একটি মামলায় গভীর রাতে এক গৃহবধূকে তার ছয় মাস বয়সী যমজ সন্তানসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে শিশুসহ ওই নারীর ছবি থানার ফেসবুক পেজে পোস্ট করা হলে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং ওসি আনোয়ার হোসেন এটিকে একটি ‘মিসটেক’ বলে স্বীকার করেন। এ ধরনের কর্মকাণ্ডে আইনশৃঙ্খলার অবনতি এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, ওসি আনোয়ার হোসেনের দায়িত্বকালে জুয়া এবং বিভিন্ন ইসলাম বিরোধী কর্মকাণ্ড বেড়ে গিয়েছিল। এর আগের ওসি ফরিদ আহম্মেদের সময়ের কথা উল্লেখ করে বলেন, তিনি এ ধরনের কর্মকাণ্ডকে কখনও প্রশ্রয় দেননি।

এ বিষয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং