
কিশোরগঞ্জে শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং কেমিক্যাল মিশ্রিত মোড়কজাত জুসের পরিবর্তে তাজা মৌসুমি ফল খাওয়ার প্রতি আগ্রহ বাড়াতে ব্যতিক্রমধর্মী ‘গ্রীন ডে’ সেলিব্রেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২৭ জুলাই সকালে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুরা পরিবেশবান্ধব নানা কার্যক্রমে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. নাজমুল করিম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আব্দুল লতিফ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধক্ষ্য মো. শফিকুল ইসলাম ফকির মতি প্রমুখ।
আয়োজনে শিশুদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা ও গ্রীন ডে বিষয়ক আলোচনা হয়। এসময় শিক্ষার্থীরা প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশে চিত্রাঙ্কন, আবৃত্তি ও সৃজনশীল উপস্থাপনায় অংশ নেয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও পরিবেশসচেতন কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহ দিতে হবে।” তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “শুধু একাডেমিক নয়, শিশুদের গঠনমূলক সহশিক্ষায় সম্পৃক্ত করাই সময়ের দাবি।”
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও শিক্ষণীয়, যা শিশুদের মনে পরিবেশ সচেতনতার বীজ বপন করেছে।
Leave a Reply