
কিশোরগঞ্জের হোসেনপুরে বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অস্বচ্ছল, প্রতিবন্ধী, পঙ্গু, বিধবা ও বয়স্ক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার, ১৪ মার্চ বিকেলে উপজেলার নিরাহারগাতী গ্রামে ৭০টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, বিভিন্ন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এসব উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জ শাখার জুনিয়র অফিসার ও সংগঠনের সহ-সভাপতি মো. নুরুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মো. মতিউর রহমান মলাই বেপারী, সহ-সম্পাদক ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, আড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসীন সিরাজী, অর্থ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপদেষ্টা মো. আবু সাঈদ মাহমুদ, সমাজসেবক রফিকুল ইসলাম আসাদ এবং ইউপি সদস্য সাদ্দাম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, কিশোরগঞ্জে প্রতিষ্ঠিত বন্ধু সমাজ কল্যাণ সংস্থাটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির উদ্যোগে গত বছরও এ এলাকায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছিল।
Leave a Reply