
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র নূরুল মিল্লাত এঁর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৯ জানুয়ারি বিকেলে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমানের সভাপতিত্বে কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শোকসভায় বক্তারা নূরুল মিল্লাতের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি কুলিয়ারচরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন এবং একজন ত্যাগী ও গ্রহণযোগ্য নেতা হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে কুলিয়ারচর অনেকটাই অভিভাবক শূন্য হয়ে পড়েছে।
অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি শুক্রবার সকাল ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ওই দিন সকাল পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে ওইদিন শুক্রবার বাদ আছর পৌর শহরের কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়।
Leave a Reply