1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ্ধার অভিযান সমাপ্ত

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে নিখোঁজ হওয়া কৃষক সাইফুল ইসলাম (৫৫) এর সন্ধান মেলেনি আজও। টানা দুই দিনের উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো খোঁজ না পাওয়ায় বৃহস্পতিবার, ৬ অগাস্ট বিকেলে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে। তবে স্বজনরা নৌকা নিয়ে নদীতে তল্লাশি অব্যাহত রেখেছেন।

নিখোঁজ সাইফুল ইসলাম উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের বাসিন্দা এবং ইদ্রিস আলীর ছেলে।

জানা যায়, বুধবার, ৫ অগাস্ট দুপুর আড়াইটার দিকে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদে স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন উদ্ধারের জন্য নদীতে নামেন সাইফুল ইসলাম। এ সময় তিনি তীব্র স্রোতের কবলে পড়ে পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।

ঘটনার পর স্থানীয়রা নৌকা নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। পরে খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের লিডার জলিলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল বুধবার বিকেলে ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে। সন্ধ্যা হয়ে যাওয়ায় সেদিন অভিযান স্থগিত করা হয়।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডুবুরি দল পুনরায় ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। দীর্ঘ সাত ঘণ্টারও বেশি সময় অভিযান পরিচালনা করেও নিখোঁজ কৃষকের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উপজেলা প্রশাসন ও নিখোঁজের স্বজনদের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল জানান, দুই দিন ধরে ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করেও সাইফুল ইসলামের কোনো সন্ধান পাওয়া যায়নি। নদীর প্রবল স্রোতের কারণে মরদেহ অনেক দূরে ভেসে চলে যেতে পারে বলে তাদের ধারণা। এ কারণে আপাতত উদ্ধার অভিযান শেষ করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ পানিতে ভেসে উঠলে স্বজনরা সেটি শনাক্ত ও উদ্ধার করতে পারবেন। এ বিষয়ে স্থানীয়দেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে উদ্ধার অভিযান শেষ হলেও হাল ছাড়েননি সাইফুল ইসলামের পরিবারের সদস্য ও স্বজনরা। তারা একাধিক নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছেন। পরিবারের সদস্যদের ভাষ্য, মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত তারা নদীতেই অবস্থান করবেন এবং নিজেদের উদ্যোগে খোঁজাখুঁজি অব্যাহত রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং