1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস পালন

নূর আহাম্মদ পলাশ,চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস পালন  উপলক্ষে  কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ১৬ জুলাই বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট সম্মেলন কক্ষে  আলোচলা সভাটি অনুষ্ঠিত হয়।

এর আগে দিনের শুরুতে শহিদদের স্মরণে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আলোচনা সভার শুরুতে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইশতিয়াক ইমনের সঞ্চালনায়  অনুষ্ঠানে বক্তারা  জুলাই আহতদের দ্রুত সুস্থতা এবং শহিদ পরিবারের প্রতি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রেখে ন্যায়বিচার, সুশাসন, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

জুলাই শহিদ সিফাত উল্লাহর পিতা তাঁর বক্তব্যে সকল শহিদ পরিবারের জন্য দোয়া কামনা করেন। তিনি জুলাই শহিদদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়নের পাশাপাশি সমাজের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

জুলাই শহিদ তরিকুল ইসলাম রুবেলের ভাই আন্দোলনে আত্মত্যাগকারী শহিদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

শহিদ মোবারক হোসেনের ছোট ভাই আবেগঘন বক্তব্যে জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তিনি শহিদ পরিবারগুলোর প্রতি সব ধরনের হয়রানি বন্ধ এবং তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

শহিদ মেহেদীর মা বলেন, আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর ছেলেকে বাঁচানোর জন্য বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়িয়েও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি তাঁর সন্তানের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

শহিদ সোহেলের এক নিকটাত্মীয় বলেন, তৎকালীন পরিস্থিতিতে শহিদ সোহেলের জানাজা অনুষ্ঠানও নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছিল। তিনি জুলাই শহিদ পরিবারের যথাযথ মর্যাদা, সম্মান ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

কিশোরগঞ্জ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অভি চৌধুরী নিহত শহিদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। তিনি শহিদ ও আহত পরিবারের কল্যাণে বর্তমান প্রশাসন ও সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, সরকারি সেবা প্রতিটি নাগরিকের অধিকার। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা সময়ের দাবি।

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দিলু বলেন জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল রাজনীতির খুবই প্রয়োজন ।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাঈল মিয়া জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে শহিদ সোহেলের নামে একটি সড়কের নামকরণের দাবি জানান। তিনি বলেন, শহিদ পরিবারের কল্যাণে বর্তমান সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণ-আন্দোলনের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শহিদ ও আহত পরিবারের মর্যাদা, ন্যায়বিচার, পুনর্বাসন এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং