1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।। 
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার, ৬ জুলাই দিবসটি পালন উপলক্ষে  উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং সমবায় সমিতির সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সমবায় সমিতির সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন বিআরডিবি কর্মকর্তা মোশাররফ হোসেন এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহাম্মেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাসনিম এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, পল্লী উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। দেশের বৃহৎ জনগোষ্ঠী গ্রামে বসবাস করে। তাই গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা দেয়া, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম জোরদার করা হলে দেশের উন্নয়ন আরও বেগবান হবে। তারা পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমন্বিত কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, গ্রামই বাংলাদেশের প্রাণ। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের জন্য পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। তিনি বলেন, বিআরডিবি দীর্ঘদিন ধরে গ্রামীণ জনগোষ্ঠীকে সংগঠিত করে সঞ্চয়, ঋণ, প্রশিক্ষণ ও উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা সফল করতে হলে শহরের পাশাপাশি গ্রামের মানুষকেও সমানভাবে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং সমবায়ভিত্তিক উদ্যোগকে আরও শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং