1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার ৫

উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক অবরোধ, টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা ও মশাল মিছিলের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় দুই আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার, ২৩ অগাস্ট গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর রাতে নিষিদ্ধ সংগঠনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘ঢাকা শহর লকডাউন’ এর সমর্থনে উপজেলার জাটিয়া ইউনিয়নের দরগাপাড়া মোড়ে সড়ক অবরোধ করে একদল ব্যক্তি। এ সময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে উস্কানিমূলক স্লোগান দেয়ার পাশাপাশি মশাল মিছিল করা হয়।

এ ঘটনায় রিপন মিয়া নামে একজন বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

উক্ত মামলার এজাহারভুক্ত ৪০ ও ৪১ নম্বর আসামি উচাখিলা ইউনিয়নের চর আলগি গ্রামের প্রয়াত নুরুল ইসলাম খানের ছেলে মাহমুদুল হাসান খান বিপিন (৪৫) এবং হাসের আলগি গ্রামের আব্দুল মজিদের ছেলে সুলতান উদ্দিন (৫০)কে গ্রেফতার করে পুলিশ।

এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামি তারুন্দিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের প্রয়াত ইয়াকিন আলীর ছেলে ইলিয়াস উদ্দিন (৬০) এবং সোহাগী ইউনিয়নের দরুন বড়ভাগ গ্রামের সৈয়দ আব্দুল হান্নানের ছেলে সৈয়দ মাজহারুল ইসলাম (৩৭)কে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, উপজেলার মাইজবাগ বাজারে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণধোলাই দেয়ার সময় স্থানীয়রা তাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশে খবর দেন। পরে এসআই সামীউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নান্দাইল উপজেলার ভাটি পাচাশী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে আবু হানিফ ওরফে হানিয়া (২৪)কে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ১৫১ ধারায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় দুই আসামি ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। মাইজবাগ বাজার এলাকা হতে গ্রেফতারকৃত আসামিকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং