1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে কোটা পুনর্বহালের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে
সরকারি চাকুরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার, ৯ জুলাই দুপুরে জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকায় অবস্থান করে বিক্ষোভ ও সমাবেশ করেন তারা।
এর আগে গুরুদয়াল সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে পৌরসভা মোড়,  আখড়াবাজার, কাচারি বাজার, বটতলা হয়ে ক্যাম্পাসে এসে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
এ সময় অনেকের হাতে ব্যানার ও ফেস্টুন ছিল। এ সময় তারা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক‍‍` ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের দাবি হলো ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল। পরিপত্র পুনর্বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকুরিতে (১ম থেকে ৪র্থ শ্রেণি) সর্বোচ্চ ১০ শতাংশ কোটা রেখে ‘কোটা সংস্কার’ করা। কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করা।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলায় সেই বৈষম্য যেন আর না থাকে তাই সাধারণ শিক্ষার্থীরা আজ জেগে উঠেছেন। দেশে বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী চাকরি না পাওয়ার হতাশায় ভুগছেন। এদিকে কোটা চাকুরিতে বহাল রেখে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। কোটা থাকার কারণে সাধারণ শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছেন। অথচ কোটাধারী শিক্ষার্থীরা সুবিধা পাচ্ছেন। তাই তারা বিদ্যমান কোটাব্যবস্থার সংস্কার চান। চাকুরিতে কোটাব্যবস্থা সাধারণ শিক্ষার্থীদের জন্য বিষফোঁড়ার মতো।
গুরুদয়াল সরকারি কলেজের অনার্স চূড়ান্ত বর্ষ ভূগোলের শিক্ষার্থী ও কোটাবিরোধী আন্দোলনের জেলা সমন্বয়কারী অভি চৌধুরী জানান, বৈষম্যমূলক কোটা বাতিল করা হোক। তাদের দাবি মেনে না নিলে সারা দেশের মতো কিশোরগঞ্জেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং