
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে জামায়াতে ইসলাম ও এনসিপির পক্ষ থেকে ছড়ানো মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে অষ্টগ্রাম উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুলের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ,২৫ অগাস্ট বিকেলে অষ্টগ্রাম হ্যালিপেড মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি অষ্টগ্রাম বড় বাজার প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা ভবনের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজামুল হক নজরুল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিন।
বক্তারা বলেন, “অ্যাডভোকেট ফজলুর রহমান একজন সৎ, নির্ভীক ও আদর্শবান রাজনীতিক। জামায়াত ও এনসিপির একটি চক্র পরিকল্পিতভাবে তাঁর রাজনৈতিক অবস্থানকে হেয় করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু তাদের এই মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটনা অতীতের মতো এবারও ব্যর্থ হবে।”
তারা আরও বলেন, “গণতন্ত্রের পক্ষে লড়াইরত একজন পরীক্ষিত রাজনীতিবিদের বিরুদ্ধে অপচেষ্টা চালিয়ে লাভ হবে না। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।”
বিক্ষোভে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। বিক্ষোভ সমাবেশ শেষে নেতৃবৃন্দ ফজলুর রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
Leave a Reply