
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় চালককে চেতনানাশক দিয়ে বেঁহুশ করে ব্যবহারের করে ব্যাটারী চালিত অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার, ১৭ অগাস্ট গভীর রাতে কিশোরগঞ্জ শহরের উজানভাটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পাকুন্দিয়া থানা পুলিশ।
গ্রেফতার দুইজনের মধ্যে হিরু শেখ (৪৫) গোপালগঞ্জ জেলার গোপিনাথপুর গ্রামে মৃত জসিম উদ্দিনের ছেলে ও বিপ্লব (৪৫) কিশোরগঞ্জ সদর উপজেলার আমাটি শিবপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বাঘপাড়া গ্রামের মো. সুলতান (৬২) অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ৩ অগাস্ট সন্ধ্যায় অটো রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে অজ্ঞাতনামা কয়েকজন তাকে অচেতন করে পাকুন্দিয়া উপজেলা জামে মসজিদে ফেলে রেখে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়৷ পরদিন তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সুলতানের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. মিনা আক্তার বাদি হয়ে ৮ অগাস্ট পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করলে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে পুলিশ। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জ শহরের উজান ভাটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, গ্রেফতার আসামিদের কাছ থেকে অটোরিক্সা বিক্রয়ের নগদ ১৮ হাজার টাকা, চোরাই কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং চোরাই অটোরিক্সা উদ্ধারের জন্য পুলিশি অভিযান পরিচালনা অব্যাহত আছে।
Leave a Reply