
কিশোরগঞ্জের পাকুন্দিয়া চরআলগী মাদ্রাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবিতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ ময়মনসিংহের পাগলা থানার দত্তের বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে থেকে উদ্ধার করেছেন স্বজনরা।
বুধবার, ২ জুলাই সকাল ৬টায় ময়মনসিংহ জেলার পাগলা থানার ১৫ নম্বর টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত দুই শিশুর মধ্যে পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের হাবিব মিয়ার ছেলে আবির (৭) ও মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)।
এর আগে মঙ্গলবার সকালে নৌকাডুবির পরপরই শাপলা (১৫) নামের নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তের বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনা ঘটে। সকালে ৯ শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়।
চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বিডিচ্যানেলফোরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে নিহতের স্বজনরা নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ আবির (৭) ও জুবায়েদকে (৬) খুঁজতে বের হন। একপর্যায়ে টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে দুজনের মরদেহ ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চরআলগী গ্রামের বাসিন্দা ফিরোজ আশরাফ শান্ত বলেন, দীর্ঘদিন ধরে এ চর অঞ্চলের মানুষ একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে। কিন্তু সেই দাবি এখনো বাস্তবায়ন হয়নি। প্রতিবছরই নৌকাডুবির ঘটনা ঘটছে এবং প্রাণহানীর ঘটনা ঘটছেল
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বিল্লাল হোসেন বলেন,নৌকাডুবিতে দুই জন শিক্ষার্থী নিখোঁজের লাশ উদ্ধার তথ্যটি নিশ্চিত করেন।
Leave a Reply