
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও নার্সের দায়িত্ব অবহলোর কারণে আব্দুস সোবহান দুলাল নামে এক রোগির মৃত্যুর অভিযোগ উঠেছে। এনিয়ে গত কয়েক মাসে একাধিক ভুল চিকিৎসা অথবা অবহেলায় বেশ কয়েকজন রোগির মৃত্যু হলো।
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ৫ম তলায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সোবহান দুলাল তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের চেঙ্গুরিয়া গ্রামের বাসিন্দা।
রোগির স্বজন ও হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার সকালে পেটের ব্যথা নিয়ে আব্দুস সোবহান দুলাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ৫ম তলার ৫০৫৯ নম্বর কেবিনে ভর্তি হন। ভর্তির পরেরদিন থেকে আব্দুস সোবহান দুলাল স্বাভাবিক হতে শুরু করেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হয়। রোগির স্বজনরা কর্তব্যরত নার্সদের শরণাপন্ন হলে তাদের পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর একজন নার্স এসে অক্সিজেন দেওয়ার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, আব্দুস সালাম দুলাল মারা যাওয়ার পর তারা চিৎকার চেঁচামেচি করতে থাকলে তাদের পরিচালকের কক্ষে আটকে রাখা হয়। পরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
রোগির পরিবারের দাবি, হাসপাতালের চিকিৎসক ও নার্সের দায়িত্ব অবহেলায় এমন ঘটনা ঘটেছে। চিকিৎসক রোগিকে সময়মতো চিকিৎসা দিলে মৃত্যু হতো না।
এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসিরুজ্জামান নাসিরের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে নিহতের স্বজনরা একটি লিখিত অভিযোগ দিয়েছে। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
Leave a Reply