1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

তিন যুগেও নির্মিত হয়নি সেতু, প্রতিশ্রুতির ভারে নুয়ে পড়েছে সাহেবের চরবাসী

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

একটি ছোট সেতুর অভাবে তিন যুগেরও বেশি সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামের হাজীবাড়ী এলাকার হাজারো মানুষ। ব্রহ্মপুত্র নদের শাখা খালের ওপর একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের হলেও আজও তা বাস্তবায়িত হয়নি। জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি, সরকারি কর্মকর্তাদের মাপজোক এবং গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশের পরও মেলেনি স্থায়ী সমাধান।

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, সাহেবের চর হাজীবাড়ী প্রান্তের খালের ওপারে রয়েছে প্রায় ৫০০ একর আবাদি জমি। এসব জমিতে উৎপাদিত ফসল ঘরে তুলতে প্রতিদিনই কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। কোনো কোনো সময় বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হতে হয়, আবার পানির উচ্চতা বেড়ে গেলে বুক সমান পানি পেরিয়ে যাতায়াত করতে হয়। এতে কৃষকদের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও পড়তে হয় চরম বিপাকে। পানিতে ভিজে নষ্ট হয় বই-খাতা ও পরনের পোশাক।

‎‎স্থানীয় বাসিন্দা আবদুল ওয়াদুদ বলেন, “এই খালের ওপর একটি সেতু আমাদের দীর্ঘদিনের দাবি। তিন যুগেরও বেশি সময় ধরে আমরা এই দুর্ভোগ সহ্য করছি। জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন, কর্মকর্তারাও এসে মাপজোক করেছেন। কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। আমরা আর আশ্বাস চাই না, দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ দেখতে চাই।”

‎‎স্থানীয় বাসিন্দা শিমুল হাজী বলেন, “একটি সেতুর অভাবে আমাদের এলাকার কৃষক, শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে রয়েছেন। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। কৃষকদের উৎপাদিত ফসল আনা-নেয়া করতে অনেক কষ্ট করতে হয়। শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত সেতু নির্মাণ করা হোক।”

‎‎আরেক বাসিন্দা খলিল মিয়া বলেন, “নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচনের পর এই এলাকার মানুষের দুর্ভোগের কথা অনেকেই ভুলে যান। বছরের পর বছর ধরে আমরা একটি সেতুর জন্য অপেক্ষা করছি। আর কতদিন অপেক্ষা করতে হবে, সেটাই এখন আমাদের প্রশ্ন। কোনো দুর্ঘটনায় প্রাণহানির আগে সেতুটি নির্মাণ করা জরুরি।”

‎‎এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগের অভাবে সমস্যার সমাধান হচ্ছে না। অথচ একটি সেতু নির্মিত হলে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তন আসবে।

‎‎এ অবস্থায় সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি, সরেজমিন পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং সেতু নির্মাণের কার্যকর উদ্যোগ নেয়া হোক।

‎‎তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে সাহেবের চর হাজীবাড়ী এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি। প্রতিশ্রুতি নয়, এলাকাবাসী চান দৃশ্যমান বাস্তবায়ন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং