1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক, ক্যাসিনো ও গরু চুরি প্রতিরোধসহ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ৫ নভেম্বর বিকেলে উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি।

মাইজবাগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম ভুঁইয়া, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন, জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদ্রাসার মুহতামিম মুফতি মাহমুদুল হক আজিজি, পিতাম্বরপাড়া হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সোয়াইব, মাইজবাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি আকরাম হোসাইন মনোয়ার, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মোশাররফ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাঞ্চন মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম ভুঁইয়া মনি বলেন, সমাজ থেকে অপরাধ, মাদক ও অনৈতিক কর্মকাণ্ড দূর করতে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করা প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। সামাজিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ক্যাসিনো, মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধীদের আশ্রয় প্রশ্রয় না দিয়ে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি ।

ওসি সাজ্জাদ রোমন তার বক্তব্যে বলেন, ঈশ্বরগঞ্জে যোগদানের পর থেকেই মাদক, ক্যাসিনো ও অন্যান্য অপরাধ দমনে তিনি কাজ করে যাচ্ছেন। বিশেষ করে মাইজবাগ এলাকায় ক্যাসিনো, মাদক ও গরু চুরির প্রবণতা উদ্বেগজনক। ইতোমধ্যে বিভিন্ন এলাকার চিহ্নিত মাদক কারবারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। আগামী এক মাসের মধ্যে মাদক কারবারিদের নির্মূলে কঠোর অভিযান চালানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ওসি আরও বলেন, সীমিতসংখ্যক পুলিশ সদস্য দিয়ে বিপুল জনগোষ্ঠীর আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন। তাই অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন, শিক্ষক, ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সাধারণ মানুষই পুলিশের সবচেয়ে বড় সহযোগী। পাশাপাশি গরু চুরি প্রতিরোধে গোয়ালঘরের দরজা মজবুত করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সামর্থ্য অনুযায়ী সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন তিনি।

উঠান বৈঠকে এলাকার মাদক, চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশ-জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং