1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় পীরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাচ-গানের অনুষ্ঠানের বন্ধের দাবি এলাকাবাসীর

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা  এক পীরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাচ-গানের অনুষ্ঠানের আয়োজন বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেমের ব্যবহার নিয়ন্ত্রণ করে জনদুর্ভোগ এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ।

মঙ্গলবার, ১০ নভেম্বর  বিকেলে এ ঘটনায়  উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলা সুখিয়া ইউনিয়নে চরপলাশ গ্রামের বিশিষ্ট সুফি সাধক ও পীর-এ-কামেল হযরত মাওলানা রহিম উদ্দিন ফকির (রহ.)-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় একটি পক্ষ নাচ-গানের অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এতে উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার এবং নারী শিল্পীদের দিয়ে গান পরিবেশনের পরিকল্পনা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ধরনের আয়োজনের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, একজন ধর্মীয় ব্যক্তিত্ব ও সুফি সাধকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাচ-গানের আয়োজন কতটা সামঞ্জস্যপূর্ণ, তা বিবেচনা করা প্রয়োজন। এ ছাড়া উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহারে এলাকার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযোগকারীরা জানান, উচ্চ শব্দের কারণে অসুস্থ ব্যক্তি, বয়স্ক মানুষ ও শিশুদের ভোগান্তিতে পড়তে হতে পারে। পাশাপাশি শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও পড়াশোনায় ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে। এ ধরনের আয়োজন এলাকার ধর্মীয় ও সামাজিক পরিবেশেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধর্মীয় আলোচনা, পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের মতো আয়োজনের বিরোধিতা করছেন না এলাকাবাসী। বরং মরহুম পীর সাহেবের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এ ধরনের ধর্মীয় আয়োজনকে স্বাগত জানিয়েছেন তারা। তাদের আপত্তি মূলত নাচ-গানের অনুষ্ঠান এবং উচ্চ শব্দে মাইক বাজিয়ে জনদুর্ভোগ সৃষ্টির বিষয়ে।

লিখিত অভিযোগে এলাকাবাসী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরেজমিন তদন্তের মাধ্যমে প্রস্তাবিত নাচ-গানের আয়োজন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি মাইক ও সাউন্ড সিস্টেমের ব্যবহার নিয়ন্ত্রণ করে এলাকার স্বাভাবিক পরিবেশ, সামাজিক সম্প্রীতি ও জনশৃঙ্খলা বজায় রাখার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমি ওসি সাহেবকে জানিয়েছি, সেখানে যেন কোনো অশ্লীল কর্মকাণ্ড না হয়। আয়োজক কমিটির সাধারণ সম্পাদককেও বিষয়টি জানিয়েছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটবে না।’

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অনুমতি থাকলে তারা গান-বাজনার আয়োজন করতে পারবেন, এতে আমার কোনো আপত্তি নেই। তবে অনুমতি না থাকলে গান-বাজনা চলবে না। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং