1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

তাড়াইলে সৌদি প্রবাসীর বসত ঘরের সিঁদ কেটে  নগদ ১০ লাখ ৫৫ হাজার টাকা ও স্বর্ণালংকার চুরি, থানায় লিখিত  অভিযোগ

স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এক সৌদি  প্রবাসীর বসতঘরে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ১০ লাখ ৫৫ হাজার টাকা এবং প্রায় ১ ভরি ৭ গ্রাম ওজনের স্বর্ণালংকার চুরির অভিযোগ এনে তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

শনিবার, ২৬ জুলাই রাত আনুমানিক আড়াইটার দিকে এ চুরর ঘটনা ঘটেছে বলে থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে।

অভিযোগকারী মো. খাইরুল ইসলাম (২৫) উপজেলার দিগদাইড় ইউনিয়নের সিংধা গ্রামের মো. দ্বীন ইসলামের ছেলে । অভিযোগে তিনি একই গ্রামের আরিফ মিয়া, হৃদয় মিয়া, মন্তু মিয়া ও শামছু মিয়াকে অভিযুক্ত করেন। অভিযোগ অনুযায়ী, তিনি একজন সৌদি প্রবাসী। বিদেশ থেকে দেশে ফেরার পর প্রতিবেশী হওয়ায় অভিযুক্তরা তার বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন এবং সেই সুযোগে ঘরে মূল্যবান জিনিসপত্র কোথায় রাখা হয় তা জেনে নেন।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার রাতে অভিযুক্তরা তার বসত ঘরের সিঁদ কেটে ঘরের  ভেতরে প্রবেশ করে,  একটি শোকেসের ড্রয়ার ভেঙে সেখানে থাকা নগদ ১০ লাখ ৫৫ হাজার টাকা এবং আনুমানিক ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের প্রায় ১ ভরি ৭ গ্রাম স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

অভিযোগে বলা হয়েছে, চুরির সময় শোকেসের কাঁচ ভেঙে শব্দ হলে খাইরুল ইসলামের মা রেজিয়া খাতুন ঘুম থেকে জেগে ওঠেন। তিনি ঘরের দিকে গিয়ে অভিযুক্তদের পালিয়ে যেতে দেখেন এবং বারান্দার আলোতে তাদের চিনতে পেরে চিৎকার করেন। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, বিষয়টি পরদিন সকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে, তারা থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন। পরে তিনি তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকে বাড়ীতে পাওয়া যায়নি।

এ বিষয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন- অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং