1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

মিঠামইনে বাড়ির সামনে বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা: ৩ দুর্বৃত্ত আটক

মো. মিজানুর রহমান শাহীন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
মিঠামইন: নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর। ইনসাইড: ঘাতক সন্দেহে আটক তিনজন

 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার, ১৫ জুলাই রাত ৯টার দিকে উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় তার বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।

অতিরিক্ত রক্তক্ষরণে রাত ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনন্দ বসাক।

মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরে আরও একজনসহ মোট তিনজনকে আটকের কথা জানিয়েছেন  পুলিশ সুপার মিজানুর রহমান।

জাহিদুল আলম জাহাঙ্গীর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। কামালপুর বেড়িবাঁধের গোটা বিশেক মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে গেল ফেব্রুয়ারিতে তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে রাজনৈতিক সহকর্মী হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে মিঠামইন বাজার থেকে বাসায় ফিরছিলেন জাহাঙ্গীর। বাসার সামনে পৌঁছানো মাত্রই ওত পেতে থাকা তিন–চারজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

জাহিদুল আলম জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আউয়াল বলেন, “দুর্বৃত্তরা রাতের আঁধারে পরিকল্পিতভাবে জাহাঙ্গীর ভাইকে হত্যা করেছে। আমরা দ্রুত এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

ওসি মনোয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডে আরো কেউ জড়িত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং