1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান গণতন্ত্রী পার্টির

দিলোয়ার হোসাইন নানক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতন্ত্রী পার্টি। একই সঙ্গে বন্যাকবলিত মানুষের জীবন রক্ষায় দ্রুত ও সমন্বিত ত্রাণ, উদ্ধার এবং পুনর্বাসন কার্যক্রম  জোরদারের দাবি সরকারের কাছে জানিয়েছে দলটি।

মঙ্গলবার, ১৪ জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো. আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.মো:শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন বলেন, টানা বর্ষণ ও উজানের ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বন্যায় লাখো মানুষ দুর্ভোগে পড়েছেন। অনেক পরিবার পানিবন্দি হয়ে আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছে। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা, শিশু খাদ্য ও স্যানিটেশনের সংকট দিন দিন প্রকট হচ্ছে। পাশাপাশি কৃষি, মৎস্য, গবাদিপশু, শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতি ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দুর্যোগকবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসক দল এবং উদ্ধার সরঞ্জাম দ্রুত পৌঁছে দিতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণোদনা, সুদমুক্ত কৃষিঋণ, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং নষ্ট হয়ে যাওয়া অবকাঠামো দ্রুত সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের নিকট দাবি জানান তারা।

তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বৈষম্যের সুযোগ থাকা উচিত নয়। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ত্রাণ বিতরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নদী ব্যবস্থাপনার উন্নয়ন এবং টেকসই বন্যা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

বিবৃতিতে গণতন্ত্রী পার্টি দেশের সব রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী সমাজ, বিত্তবান ব্যক্তি এবং মানবিক প্রতিষ্ঠানকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। একই সঙ্গে দলের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ত্রাণ সংগ্রহ, উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয়ার নির্দেশনা দেয়া হয়।

বিবৃতির শেষে নেতৃবৃন্দ  বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জানমালের নিরাপত্তা, আহতদের দ্রুত সুস্থতা এবং সার্বিক পরিস্থিতির দ্রুত উন্নতি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং