1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

কিশোরগঞ্জে বিশ্ব জলাভূমি দিবস পালন, সুরমা বিলকে সংরক্ষিত ঘোষণার দাবি

এম এ জলিল, স্টাফ রিপোর্টার, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে নানা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার, ২ ফেব্রুয়ারি সকালে ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের দীনেশপুর গ্রামে সুরমা নদীর তীরে স্থানীয় মৎস্যজীবীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— জলাভূমি, ঐতিহ্যবাহী জ্ঞান ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন।

স্থানীয় উত্তর দীনেশপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ‘সুরমা বিলবাসীর বংশপরম্পরা অভিজ্ঞতা ও জীবনচর্চার আলাপ’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে। বেসরকারি সংগঠন পরিবেশ ঐক্যের কারিগরি সহযোগিতায় এবং ধনু ইকো ট্যুরিজমের অংশীদারিত্বে আয়োজিত এই কর্মসূচিতে সুরমা তীরবর্তী এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুসহ মৎস্যজীবী সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন।

আলোচনায় প্রবীণ মৎস্যজীবীরা জানান, হাওরের প্রাকৃতিক মাছের গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে পরিচিত সুরমা বিল দিন দিন মাছশূন্য হয়ে পড়ছে। দেশীয় অনেক সাধারণ মাছ প্রায় বিলুপ্ত। গত কয়েক বছরে মাছের প্রজনন ও বংশবিস্তার মারাত্মকভাবে কমে যাওয়ায় জীবিকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মৎস্যজীবীরা।

তাঁরা আরও বলেন, একসময় সুরমা বিল পানকৌড়ি, বালিহাঁস, বক ও শামুকখোলসহ নানা পাখিতে ভরে থাকত। কচ্ছপও ছিল প্রচুর। এখন হাতে গোনা কিছু পাখি দেখা যায়, পরিযায়ী পাখির আনাগোনাও কমে গেছে।

পলি জমে নাব্যতা হ্রাস, পরিবেশ উপযোগী বৃক্ষরোপণের অভাব, কৃষিজমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার এবং অবৈধ জাল দিয়ে মাছ শিকার—এসবকে সুরমা বিলের বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন বক্তারা। এই অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে এলাকা মাছ ও পাখিশূন্য হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়।

আলোচনার শেষে সুরমা বিলের জীববৈচিত্র্য রক্ষা ও প্রতিবেশ পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন গ্রামবাসী ও মৎস্যজীবী সমিতির সদস্যরা। একই সঙ্গে সুরমা বিলকে অনতিবিলম্বে সংরক্ষিত ঘোষণা করার দাবিতে ৩ ফেব্রুয়ারি ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং