
কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র জুমার নামাজ দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার, ১৭ এপ্রিল বাদ জুমা আনুষ্ঠানিকভাবে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, তাড়াইল উপজেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের আকাশ জেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল, তাড়াইল উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, খেলাফত মজলিস বাংলাদেশ এর জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ এমদাদুল্লাহ,উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায় ,বিগত আওয়ামী লীগ সরকার আমলে দেশের ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়। এর অধিকাশংই চালু হলেও নানা জটিলতায় আটকে থাকা তাড়াইল উপজেলা মডেল মসজিদটি দীর্ঘ দেড় বছর পর বর্তমান সরকারের আমলে উদ্বোধন করা হয়।
আরও জানা যায়, তাড়াইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নান্দনিক ডিজাইনে নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ১৩ কোটি টাকা । মডেল মসজিদে প্রতি ওয়াক্তে ১ হাজার ২শ পুরুষ ও ৫০০ নারী নামাজ আদায় করতে পারবেন।
মডেল মসজিদে আছে নারী-পুরুষের জন্য পৃথক অজু ও নামাজের ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, মৃতদেহ গোসল ও জানাযার ব্যবস্থা, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, হিজফখানার ব্যবস্থা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, দ্বীনি দাওয়াত ও ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য সভাকক্ষ, ইসলামি বই বিক্রয় কেন্দ্র, দেশি-বিদেশি মেহমানদের আবাসনের ব্যবস্থাসহ সময়ের চাহিদা মোতাবেক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের সুযোগ।
মনোরম পরিবেশে, নান্দনিক ডিজাইনে আধুনিক সব সুবিধা নিয়ে ৪৩ শতাংশ ভূমির উপর মডেল মসজিদ নির্মাণ করা হয়।
Leave a Reply