
কিশোরগঞ্জের হোসেনপুর থেকে পাগলা থানা, গফরগাঁও ও ভালুকা অভিমুখে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কে ব্রহ্মপুত্র নদের শাখা নদীর ওপর নির্মিত একটি বেইলি ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে অতিরিক্ত পণ্যবোঝাই একটি ভারি ট্রাক বেইলি ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় ব্রিজের এক পাশ দেবে যায় এবং পাটাতনগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার পরপরই ব্রিজটির কাঠামোগত দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, সামান্য চাপ পড়লেই ব্রিজটি সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে।
ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আপাতত সব ধরনের যানবাহন ও পথচারীদের জন্য ব্রিজটি ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ব্রিজের উভয় প্রান্তে লাল ফিতা টানিয়ে ও বাঁশ বেঁধে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক পথচারী জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হতে দেখা গেছে। বিশেষ করে চরাঞ্চলের মানুষজন বিকল্প কোনো সহজ যোগাযোগ ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। হোসেনপুর বাজারে আসা যাওয়ার জন্য এটি ছিল চরবাসীর প্রধান ও সবচেয়ে সহজ পথ। ফলে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাবেচা, চিকিৎসাসেবা গ্রহণ, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় স্কুল শিক্ষক আলা উদ্দিন বলেন, এই বেইলি ব্রিজটি চরের মানুষের জীবনরেখার মতো। ব্রিজটি নষ্ট হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। বিকল্প পথে যেতে হলে অনেক দূর ঘুরে হোসেনপুর বাজারে আসতে হয়, এতে সময় ও অর্থ দুই দিক থেকেই বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, জননিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত সব ধরনের যানবাহন ও পথচারীদের এই বেইলি ব্রিজ ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীদের অবহিত করা হয়েছে। তারা ব্রিজের অবস্থা মূল্যায়ন করছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply