
আজ মঙ্গলবার, ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর এই দিনেই ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করেছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা প্রশাসন। সকালে অষ্টগ্রাম সরকারি মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা , সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ , অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ সোয়েব খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালিত হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। দিনব্যাপী কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply