
কিশোরগঞ্জের অষ্টগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের সাথে চরম অসদাচরণ করেছেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. রমজান মিয়া।
বুধবার, ২৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে শারদীয় দুর্গাপূজার দায়িত্ব সম্পর্কিত তথ্য জানতে গেলে এ অসদাচরণের ঘটনা ঘটে।ভুক্তভোগী সাংবাদিকরা হলেন দৈনিক ইনকিলাব ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি। তারা জানান, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. রমজান মিয়া অযথা ক্ষিপ্ত হয়ে বলেন, “আমরা বাথরুমে থাকব, বউ নিয়ে থাকব, তার মধ্যে সাংবাদিক আসবে কেন?”—এ ধরনের অশোভন মন্তব্যের মাধ্যমে তিনি সরকারি অফিসকেই বেডরুম হিসেবে ব্যবহার করার কথা স্বীকার করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, মো. রমজান মিয়া পূর্বে কটিয়াদি উপজেলায় কর্মরত ছিলেন। সেখানে তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ থাকায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। এছাড়া তিনি নিজেও স্বীকার করেছেন কটিয়াদিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনার কারণে তাকে অষ্টগ্রামে বদলী করা হয়েছে। এ কথা বলার সময় কোন অনুতাপ নয় বরং তার চেহারায় আত্মতুষ্টির অভিব্যক্তি ফুটে উঠে।
এ বিষয়ে জেলা আনসার ভিডিপি কমান্ডারকে ফোন করা হলে, তিনি অভিযোগ গ্রহণের কথা বললেও ব্যস্ততার কারণে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। একই সঙ্গে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বুলবুলি আক্তারও রমজান মিয়ার মতই অহংকার প্রকাশ করে তার প্রতি পক্ষপাতিত্ব করেন। তাই তিনি কোনো পদক্ষেপ নেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “আপনারা লিখিত অভিযোগ দিন, আমি আনসার ভিডিপি কর্তৃপক্ষকে তা জানাব। বিষয়টি সম্পর্কে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না।”
ভুক্তভোগী সাংবাদিকরা জানিয়েছেন, মো. রমজান মিয়ার সকল আচরণ ও কুরুচিপূর্ণ বক্তব্য দৈনিক ইনকিলাবের ক্যামেরায় রেকর্ড হয়েছে।
পরে স্থানীয়রা এসে পরিস্থিতি সামাল দেন। সাংবাদিক মহল এই ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে দায়ি কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। সচেতন মহল বলছে, একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
Leave a Reply